Header Ads Widget

Responsive Advertisement

চার মুসলিম দেশের কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক


 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও শীর্ষ সহযোগী জ্যারেড কুশনার রোববার (১৬ আগস্ট) মিশরের উপকূলীয় শহর এল-আলামেইনে হামাসপ্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে বৈঠক করেছেন। একই সময়ে গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

বৈঠকে হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র-সমর্থিত বোর্ড অব পিসের গাজা পরিকল্পনা অনুযায়ী নিরস্ত্রীকরণের বিষয়টি বিবেচনা করলেও তারা তা শুরু করবে না, যতক্ষণ না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ওই পরিকল্পনার শর্তগুলো মেনে চলার প্রতিশ্রুতি দেন।

একজন আরব কূটনীতিকের বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাস পরে বোর্ড অব পিসের কাছে ইসরায়েলকে ওই পরিকল্পনা মেনে নিতে ‘বাধ্য করার’ অনুরোধও জানিয়েছে।

বৈঠকে কুশনারের সঙ্গে ছিলেন বোর্ড অব পিসের জ্যেষ্ঠ দূত নিকোলাই ম্লাদেনভ ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। মিশর, কাতার ও তুরস্কের শীর্ষ কূটনীতিকরাও আলোচনায় অংশ নেন।

২০২৫ সালের অক্টোবরের পর হামাসের কর্মকর্তাদের সঙ্গে কুশনারের এটি ছিল প্রথম বৈঠক। এর আগে তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে হামাস নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে হামাসের সঙ্গে যোগাযোগ প্রয়োজন। তবে সমালোচকদের দাবি, এ ধরনের বৈঠক হামাসকে রাজনৈতিকভাবে বৈধতা বা গ্রহণযোগ্যতা দেওয়ার ঝুঁকি তৈরি করে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments