ডারউইনে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। বাংলাদেশের পেস আক্রমণের সামনে ২০০ রানও তুলতে পারল না স্বাগতিকরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিরিজের প্রথম টেস্টে ১৯৮ রানে অলআউট হয়েছে অজিরা। একাই ৬ উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার হাসান।বাকি ২টি করে উইকেট ভাগ করে নিয়েছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেছেন স্টিভেন স্মিথ।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই চমক দেখালো বাংলাদেশ। টেস্টের অন্যতম পরাশক্তিদের বিপক্ষে বল হাতে যেটা করে দেখিয়েছেন হাসান-এবাদতরা, সেটা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।
শুরু থেকে কিছুটা আক্রমণাত্মক ছিল অজিরা। তাদের সে আক্রমণ থামিয়ে দেন হাসান মাহমুদ। দলীয় ৪৫ রানের মাথায় ব্যক্তিগত ২২ রানের ইনিংস খেলে টাইগার পেসারের বলে বোল্ড হন জ্যাক ওয়েদারেল্ড। এরপর স্থায়ী হতে দেননি আরেক ওপেনার ট্রাভিস হেডকেও। ৩৭ বলে ২৩ রান করে হাসানের বলে কট বিহাইন্ড হন তিনি। এরপর হাসানের সঙ্গে উইকেট তুলে নেয়ার উৎসবে যোগ দেন অন্য দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। ২০ বলে ১ রান করা মার্নাস লাবুশেনকে এবাদত আর ১৩ বলে ১৩ রান করা ক্যামেরন গ্রিনকে ফেরান তাসকিন। তাতে ৭৪ রানের মধ্যে ৪ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে অজিরা।
একপ্রান্ত আগলে রেখে স্বাগতিকদের কিছুটা স্বস্তি দেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ। তবে অ্যালেক্স ক্যারি ও বিইউ ওয়েবস্টারদের তার যোগ্য সঙ্গী হওয়ার সুযোগ দেননি তাসকিন ও এবাদত। ৪৩ বলে ১৯ রান করে এবাদতের বলে বোল্ড হন ক্যারি। ১০ বলে ১২ রান করে ওয়েবস্টারকে বোল্ড করেন তাসকিন। পরের গল্পের পুরোটার নায়ক হাসান। ১৫২ রানে ৬ উইকেট থেকে ১৯৮ রানে অলআউট, পরের ৪ উইকেট একাই তুলে নেন হাসান। এর মধ্যে স্মিথকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের তৃতীয় ফাইফার। ১০৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭১ রানে থামে স্মিথের ইনিংস।
সব মিলিয়ে ১৭ ওভারে ৩ মেডেন নিয়ে ৫৫ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নেন হাসান। টেস্ট ক্যারিয়ারে এটি তার সেরা বোলিং ফিগার। অন্য দুই পেসার তাসকিন ও এবাদতও সফল ছিলেন এদিন, তবে উইকেটের দেখা পাননি দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
এদিকে অজিদের অলআউট করার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বিনা উইকেটে টাইগারদের সংগ্রহ ২৪ রান। সাদমান ইসলাম ১৯ বলে ১৩ আর ১১ বলে ৫ রানে অপরাজিত রয়েছেন তানজিদ হাসান তামিম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৬ টেস্ট খেলে ৫টি হেরেছে বাংলাদেশ। পরাশক্তিদের বিপক্ষে ঐতিহাসিক জয়টি ২০১৭ সালে মিরপুরের মাঠে। টাইগারদের সামনে এবার সুযোগ অজিদের মাটিতেও নতুন ইতিহাস গড়ার।
সুত্রঃ স্টার নিউজ
0 Comments