Header Ads Widget

Responsive Advertisement

৫ ঘণ্টাও মিলছে না বিদ্যুৎ জনবিস্ফোরণের শঙ্কা

 


তীব্র গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সুনামগঞ্জের জনজীবন। জেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা, চিকিৎসাসেবা ও স্বাভাবিক জীবনযাত্রা।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জেলার জাউয়া বাজারে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। একপর্যায়ে মশাল জ্বালিয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানানো হয়। স্থানীয়দের অভিযোগ, লোডশেডিংয়ের কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।

ব্যবসায়ী নুরুল হাসান আতাহের বলেন, তীব্র গরমের মধ্যে দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। দ্রুত এই সংকটের স্থায়ী সমাধান না হলে মানুষ আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলায় তাদের প্রায় ৩ লাখ ৭৫ হাজার গ্রাহক রয়েছেন। বর্তমানে চাহিদার বিপরীতে প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। অথচ চাহিদা প্রায় ৭০ থেকে ৭৫ মেগাওয়াট। ফলে বিভিন্ন এলাকায় ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) তাপস কুমার পাইন বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। বিষয়টি জাতীয় সমস্যা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।

অন্যদিকে, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ জানান, জেলায় প্রতিদিন প্রায় ১৪ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে ৮ মেগাওয়াট। ফলে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।

লোডশেডিংয়ের নির্দিষ্ট সময়সূচি না থাকার বিষয়ে তিনি বলেন, কখন লোডশেডিং করতে হবে তা আগে থেকে নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। কেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

বিদ্যুৎ সংকট দ্রুত নিরসন না হলে সুনামগঞ্জে জনভোগান্তির পাশাপাশি ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments