Header Ads Widget

Responsive Advertisement

নেপালের সেনাবাহিনীর ‘জেনারেল’ হলেন ভারতীয় সেনাপ্রধান


 নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ।

সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই সম্মানসূচক পদমর্যাদা প্রদান করেন। ভারত ও নেপালের দুই দেশের সেনাপ্রধানকে পরস্পরের সম্মানসূচক জেনারেল করার দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ হিসেবে এ সম্মান দেওয়া হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে নেপালে অবস্থান করছেন জেনারেল ধীরাজ শেঠ।

১৯৫০ সালে এই প্রথা চালুর পর থেকে ভারত ও নেপাল একে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়ে আসছে। সফরের অংশ হিসেবে জেনারেল শেঠ নেপালের সেনাপ্রধান জেনারেল সিগদেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

নেপালের প্রেসিডেন্টের সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষ্ঠানে দেশটির ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ নেপাল সেনাবাহিনী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার নেপালে পৌঁছান জেনারেল শেঠ। সফরকালে তিনি ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের সামগ্রিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এদিকে সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন ভারতের সেনাপ্রধান। পরে নেপাল সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং গার্ড অব অনার গ্রহণ ও পরিদর্শন করেন।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, জেনারেল ধীরাজ শেঠের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার হবে বলে তারা আশা করছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments