ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে অজ্ঞাত এক যুবকের এলোপাতাড়ি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে ছোটাছুটি করতে গিয়ে দুইজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ওই যুবকের কথাকাটাকাটির একপর্যায়ে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে স্থানীয়দের দাবি।
ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি প্রাইভেটকার থেকে এক যুবককে পিস্তল দিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়তে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা হাচান আমিন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকারে এক যুবক ও এক যুবতী ভাঙ্গা হাইওয়ে থানার সামনে চা খাওয়ার জন্য নামেন। এ সময় সড়কের পাশে থাকা স্থানীয়রা গাড়িটি সাইড করে রাখার অনুরোধ করলে ওই যুবকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি গাড়ি থেকে পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন বলে অভিযোগ করেন তিনি।
হঠাৎ বিকট শব্দ ও গুলির আওয়াজে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে গুলিতে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ছোটাছুটির সময় দুইজন আহত হওয়ার কথা স্থানীয়ভাবে জানা গেছে।
ঘটনায় জড়িত যুবকের পরিচয় এবং গুলি ছোড়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments