ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় সহায়তা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশে ফেরার ক্ষেত্রে পাসপোর্ট কোনো বাধা হবে না এবং এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের কোনো চাপ বা উদ্বেগ নেই। তিনি জানান, সরকার ইতোমধ্যে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে।
বিচার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিশ্বের শীর্ষ আইনজীবীদের নিয়োগ দিতে পারবেন। বিচারপ্রক্রিয়া স্বচ্ছ থাকবে এবং ক্যামেরার উপস্থিতিতে পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আদালতে যদি শেখ হাসিনা নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হন, তাহলে তিনি খালাস পাবেন।
একই ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের অনেক মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।
এ সময় তিনি আরও মন্তব্য করেন, শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে একটি অপ্রাসঙ্গিক ইস্যু এবং তার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বলে তিনি মনে করেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments