শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই: রুমিন ফারহানা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন বলেন, তিনি দেশে ফিরে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আত্মসমর্পণ ও জামিন চাইতে পারেন।
সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, 'আইনগত অবশ্যই কোনো বাধা নেই। তিনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিডিউর—সেটিই তিনি ফলো করবেন।'
বিরোধী দলের পক্ষ থেকে 'ছায়া মন্ত্রিসভা' গঠনের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, 'বিরোধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই।'
তিনি আরও বলেন, 'ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয় কোথায় কী ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, সে ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কী করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকামড।'
সুত্রঃ the business standard

0 Comments