কক্সবাজারে পৃথক পাহাড় ধসে ৮ রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু
টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক তিনটি পাহাড়ধসে অন্তত আট রোহিঙ্গাসহ নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির এবং কক্সবাজার শহরের জানারঘোনা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
রোহিঙ্গা সূত্রে জানা গেছে, উখিয়ার ১৫ নম্বর আশ্রয়শিবিরের জামতলী এলাকার ডি ব্লকে পাহাড়ধসে একটি আশ্রয়কেন্দ্র মাটিচাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত হন। নিহতরা হলেন বাবা, মা ও তাদের চার বছর বয়সী এক শিশু। দুর্ঘটনার সময় আশ্রয়কেন্দ্রটিতে পরিবারের মোট ১০ সদস্য অবস্থান করছিলেন। আহত এক কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অন্য সদস্যদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে ৭ নম্বর আশ্রয়শিবিরের ডি-৭ ব্লকে পাহাড়ধসে মো. একরাম (৭) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে ১১ নম্বর আশ্রয়শিবিরের সি-১১ ব্লকে আরেকটি পাহাড়ধসে একই পরিবারের চার রোহিঙ্গা সদস্য নিহত হয়েছেন।
এ ছাড়া কক্সবাজার শহরের জানারঘোনা এলাকায় পৃথক পাহাড়ধসে আরও একজনের মৃত্যু হয়েছে।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, কাছাকাছি সময়ে তিনটি পৃথক স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কোথাও আরও কেউ চাপা পড়ে আছেন কি না, তা অনুসন্ধান চলছে।
প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments