Header Ads Widget

Responsive Advertisement

১১ দলীয় জোটে ভাঙনের গুঞ্জন, কী বলছেন দলের নেতারা


ইসলামী ভোট একত্রিত করার লক্ষ্য নিয়ে জাতীয় নির্বাচনের আগে গঠিত ১১ দলীয় ইসলামী জোট ভাঙার গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে জোটের নেতারা দাবি করেছেন, এখন পর্যন্ত জোটে কোনো ভাঙন হয়নি এবং তারা আগের মতোই ঐক্যবদ্ধ রয়েছেন।

সম্প্রতি ১৬ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের একটি মতবিনিময় সভায় মামুনুল হকসহ কওমি ধারার সাতটি ইসলামী দলের অংশগ্রহণের পর জোটে বিভক্তির গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এ বিষয়ে নেতারা ভিন্নমত প্রকাশ করেছেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, এখন পর্যন্ত জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জোট নিজেদের রাজনৈতিক কৌশল নির্ধারণ করছে। সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে জোটের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, কিছু গণমাধ্যম সাত দলীয় জোটের বিষয়টি তুলে ধরলেও বাস্তবে ১১ দলীয় জোট আগের মতোই রয়েছে। যারা শুরু থেকে জোটে ছিল, তারা এখনও জোটের অংশ।

১১ দলীয় জোটের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দলীয় জোট আগের মতোই রয়েছে এবং সংস্কারের দাবিতে ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে। জনগণের স্বার্থ ও তাদের রায়ের প্রতি সম্মান রেখেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

তবে জোটের অন্যতম শরিক খেলাফত মজলিস সিলেটের সমাবেশে অংশ নিচ্ছে না। এ বিষয়ে জোটের কয়েকজন নেতা অভিযোগ করেছেন, বিএনপি সরকার জোটে বিভক্তি তৈরির চেষ্টা করছে।

হামিদুর রহমান আযাদ বলেন, কেউ জোট ছাড়লেও এতে বড় ধরনের প্রভাব পড়বে না। অতীতে যারা এমন সিদ্ধান্ত নিয়েছে, তারা তার রাজনৈতিক মূল্যও দিয়েছে। জনগণের মধ্যে ১১ দলীয় জোটের গ্রহণযোগ্যতা বাড়ছে বলেও দাবি করেন তিনি।

সারওয়ার তুষারও অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে বিভিন্নভাবে জোটে বিভক্তি সৃষ্টি, ভুল বোঝাবুঝি ও সংঘাত তৈরির চেষ্টা চলছে। তবে এ বিষয়ে জোটের নেতারা সতর্ক রয়েছেন।

এদিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ মনে করেন, ইসলামী দলগুলো যদি ঐক্য ধরে রাখতে পারে, তাহলে জাতীয় রাজনীতিতে তাদের প্রভাব আরও বাড়তে পারে। তবে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতে না পারলে জোট গঠন বা ভাঙা—কোনোটিই দীর্ঘমেয়াদে অর্থবহ হবে না।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক 

Post a Comment

0 Comments