জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে এমআইএসটির শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে একই দিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় আসহাবুল ইয়ামিনকে আটক করে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে গুলি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
আরও অভিযোগ করা হয়, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর ইয়ামিনকে সাঁজোয়া যানের ওপর ফেলে রাখা হয়। পরে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ওই সাঁজোয়া যান চলাচল করে। একপর্যায়ে তাকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইয়ামিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আসহাবুল ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments