নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বৃদ্ধের মরদেহ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিখোঁজের প্রায় ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশের একটি রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচে তাকে পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, গত ৯ মে থেকে আওলাদ হোসেন নিখোঁজ ছিলেন। পরে ২৩ মে তার ভাই সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দীর্ঘদিন অনুসন্ধানের পর গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মরদেহের সন্ধান পায়।
পুলিশ জানায়, আওলাদ হোসেনের ভায়রা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘরের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুইটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী নাজমা বেগমের মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী তার নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু সম্পত্তি লিখে দিতে অস্বীকৃতি জানালে সাইফুল নামে এক ব্যক্তির সহায়তায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করতে রান্নাঘরের নিচে পুঁতে রাখা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার (১ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হবে।
ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না এবং হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments