দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (২৩ জুন) দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সতর্কবার্তা কার্যকর থাকবে।
আবহাওয়া বিশেষজ্ঞরা ঝড়ো আবহাওয়ার সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বজ্রপাতের সময় খোলা জায়গা, উঁচু গাছ ও বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক।
0 Comments