২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মৃত্যুর ক্ষেত্রে হামের উপসর্গ থাকলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬১৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। ফলে হামে আক্রান্ত ও উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১৬ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯৪১ জন রোগী শনাক্ত হয়েছেন।
একই সময়ে নতুন করে ৮৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৬৫ জন।
এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২০৭ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৭১০ জন।
এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৮২ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ১৫২ জন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments