বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, আহত ৪
যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলা হয় বলে জানা গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
তবে গাড়িতে থাকা এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যরা নিরাপদ আছেন।
ঘটনার পর বুধবার দুপুর ১টা ৫৮ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বিস্তারিত জানান। তার পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো- তিনি লেখেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে।’
নাসীরুদ্দিন লেখেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।’
ফেরার পথে গাড়িতে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি।’
সবশেষে তিনি লেখেন, ‘সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। আল্লাহ ভরসা।’
জানা গেছে, ‘পুশ-ইন’ ইস্যু নিয়ে একটি প্রতিনিধি দল নিয়ে বেনাপোল সীমান্ত এলাকায় যান নাসীরুদ্দিন পাটওয়ারী। সেখান থেকে ফেরার পথে তাদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে কারা এ হামলায় জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments