‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুধ-পানি দিয়ে গোসল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শেখ খালিদ হাসান তারেক (৩০) নামে এক ব্যক্তি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ খালিদ হাসান তারেক উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বুড়ির বটতলা এলাকার বাসিন্দা। শুক্রবার (১৩ জুন) জুমার নামাজের আগে তিনি সড়কের পাশে দুধ-পানি দিয়ে গোসল করেন এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তিনি আর জামায়াত করবেন না এবং দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (১৪ জুন) সন্ধ্যায় খালিদ হাসান তারেক দাবি করেন, ২০১১ সাল থেকে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আন্দোলন, মিছিল-মিটিং এবং নির্বাচনী কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তবে দীর্ঘদিন ধরে দলীয়ভাবে মূল্যায়ন না পাওয়া এবং বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে তিনি হতাশ হয়ে পড়েন।
তার ভাষ্য অনুযায়ী, মন্দির পাহারা দেওয়া নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে মতপার্থক্যের পর তাকে অবহেলা করা হচ্ছিল। সেই ক্ষোভ থেকেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি আবুল আল মাসুম এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন, খালিদ হাসান জামায়াতের কোনো আনুষ্ঠানিক কর্মী ছিলেন না; তিনি কেবল দলটির সমর্থক বা শুভাকাঙ্ক্ষী ছিলেন।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চললেও বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। স্থানীয় রাজনৈতিক মহলেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments