Header Ads Widget

Responsive Advertisement

ওয়াসার ৫০০ কিলোমিটার খোঁড়াখুঁড়ি, উন্নয়ন প্রকল্পে নগরজুড়ে জনদুর্ভোগ

 ওয়াসার ৫০০ কিলোমিটার খোঁড়াখুঁড়ি, উন্নয়ন প্রকল্পে নগরজুড়ে জনদুর্ভোগ


রাজধানীতে উন্নয়ন প্রকল্পের নামে ঢাকা ওয়াসার খোঁড়াখুঁড়ি যেন নগরবাসীর নতুন আতঙ্কে পরিণত হয়েছে। বর্ষা মৌসুম শুরু হতেই ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় প্রায় ৫০০ কিলোমিটারেরও বেশি সড়ক খননের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এতে একদিকে যেমন যান চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র ভোগান্তি, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। 

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ টেম্পোস্ট্যান্ড এলাকায় ব্যস্ত সড়কের মাঝখানে বড় গর্ত খুঁড়ে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতে প্রায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। একই চিত্র দেখা গেছে নবাববাড়ী মোড়েও। সেখানে খোলা গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, রমজানের আগেই রাস্তা কেটে কাজ শুরু হলেও তা এখনো শেষ হয়নি। এক-দুদিন কাজ করার পর দীর্ঘ সময় ধরে কোনো শ্রমিকের দেখা মেলে না। কোথাও কোথাও মাসের পর মাস, এমনকি প্রায় এক বছর ধরে সড়ক কেটে ফেলে রাখা হয়েছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

ভুক্তভোগীরা জানান, ঠিকমতো কাজ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। পাশাপাশি নির্মাণসামগ্রীও যেখানে-সেখানে ফেলে রাখায় চলাচলে সৃষ্টি হচ্ছে অতিরিক্ত প্রতিবন্ধকতা।

এ বিষয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম বলেন, প্রকল্পটির বড় অংশ বৈদেশিক অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে এবং আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদেশি ঠিকাদার কাজ করছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে এবং কোনো এলাকায় দুই দিনের বেশি সড়ক খোলা না রাখার পরিকল্পনা রয়েছে।

তবে মাঠপর্যায়ের বাস্তবতা সেই আশ্বাসের সঙ্গে মিলছে না। দীর্ঘদিন ধরে কাজ ফেলে রাখার কারণে জনদুর্ভোগ বেড়েই চলেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলামও বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, জরুরি ভিত্তিতে পানি সরবরাহ নিশ্চিত করতেই এসব কাজ করা হচ্ছে। তবে ভবিষ্যতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের মাধ্যমে জনভোগান্তি কমানোর চেষ্টা করা হবে।

উন্নয়নের নামে সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি, ধীরগতির কাজ এবং দীর্ঘস্থায়ী ভোগান্তিতে ক্ষোভ বাড়ছে নগরবাসীর মধ্যে। সংশ্লিষ্টদের প্রশ্ন শুধু আশ্বাস নয়, কবে বাস্তবে মিলবে স্বস্তি?

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments