Header Ads Widget

Responsive Advertisement

সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

 সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা


ভারতের মেঘালয়ে অব্যাহত ভারী বর্ষণ এবং সুনামগঞ্জ জেলায় টানা বৃষ্টিপাতের কারণে জেলার সব প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল এবং হাওর তীরবর্তী এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, সুরমা, বৌলাই, যাদুকাটা ও রক্তি নদীর পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় (বিকেল ৩টা পর্যন্ত) সুরমা নদীর পানি ৮৪ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী দুই দিনের ভারী বর্ষণে তা বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে, এমনকি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনাও রয়েছে।

রোববার (২১ জুন) বিকেল থেকে সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চল এবং হাওর তীরবর্তী কয়েকটি গ্রামের সড়কে পানি প্রবেশ করতে শুরু করেছে। আকস্মিক পানি বৃদ্ধিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সুনামগঞ্জ-সিলেট অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণ এবং সুনামগঞ্জ-সিলেট এলাকায় টানা বৃষ্টির কারণে আজ রাতেই সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।”

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নদী ও হাওর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্র, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments