চট্টগ্রামে শিশু আয়াত হত্যা, আসামি আবিরের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণ, হত্যা এবং মরদেহ খণ্ডিত করার আলোচিত মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের পক্ষে মোট ৩৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নয়ারহাট এলাকায় নিজ বাসার পাশের একটি মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় শিশু আয়াত। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশু আয়াতকে অপহরণ করেছিলেন আবীর আলী। তবে তাকে কোথাও গোপনে রাখার উপযুক্ত স্থান না পেয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যার পর অপরাধ গোপন করতে মরদেহ ছয় টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন আবীর। পরে ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন সুইচ গেইট এলাকার একটি গর্ত থেকে আয়াতের দুই পা উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন একই এলাকা থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা।
ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ মামলার রায় ঘোষণা করলেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments