তিনদিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তিন দিনের ব্যবধানে আবারও এক শিশু ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করেছে।
সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মন্ডল জামে মসজিদ থেকে অভিযুক্ত ইমামকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক ব্যক্তির নাম মো. ইব্রাহিম। তিনি ওই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ১০টার দিকে এলাকাবাসী তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। অভিযোগ রয়েছে, তিনি ১০ বছর বয়সী এক শিশুর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন।
স্থানীয়দের দাবি, আটকের পর উপস্থিত জনতার প্রশ্নের মুখে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে শিশুটির সঙ্গে একদিনের ঘটনার কথা স্বীকার করতে দেখা যায় বলে দাবি করেছেন স্থানীয়রা।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
তিনি বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, এর মাত্র তিন দিন আগে, গত ২০ জুন ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
একই উপজেলায় অল্প সময়ের ব্যবধানে শিশু নির্যাতনের অভিযোগে দুই ইমাম আটক হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। ঘটনাগুলোর দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক।
0 Comments