ঢাকা ও চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর এবং গাজীপুর জেলায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এই মোতায়েন কার্যকর থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার স্বার্থে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments