Header Ads Widget

Responsive Advertisement

চার হাজার ডলার নিয়ে লাপাত্তা স্ত্রীর খোঁজে কুড়িগ্রামে চীনা স্বামী, প্রতারণার অভিযোগ

চার হাজার ডলার নিয়ে লাপাত্তা স্ত্রীর খোঁজে কুড়িগ্রামে চীনা স্বামী, প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বাংলাদেশি নারীকে বিয়ে করে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চীনের নাগরিক আন হংওয়েই। তাঁর দাবি, স্ত্রী প্রায় ৪ হাজার মার্কিন ডলার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।

সোমবার (২২ জুন) বিকেলে তিনি ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। বিদেশি নাগরিকের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি ফুলবাড়ী থানায় গিয়ে অভিযোগ জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপুর গ্রামের বাসিন্দা মোর্শেদা বেগমের সঙ্গে প্রায় ১০ বছর আগে স্থানীয় এক ব্যক্তির বিয়ে হয়েছিল এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তীতে পারিবারিক কলহের কারণে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সময় চীনের নাগরিক আন হংওয়েইর সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২০ এপ্রিল তারা পারিবারিকভাবে বিয়ে করেন।

বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামে আসায় বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দেয়। তবে বর্তমানে আন হংওয়েই অভিযোগ করছেন, স্ত্রী তাঁর কাছ থেকে অর্থ নেওয়ার পর হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

ধর্মপুর এলাকার ইউপি সদস্য ফেরদৌস ইসলাম বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল মোর্শেদা প্রতারণার শিকার হতে পারেন। কিন্তু এখন উল্টো অভিযোগ উঠেছে যে চীনা নাগরিকই প্রতারণার শিকার হয়েছেন।

এদিকে মোর্শেদা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বিয়ের পর মোর্শেদা চীনা স্বামীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। এরপর থেকেই তাঁর অবস্থান সম্পর্কে পরিবারও নিশ্চিত নয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ভাষাগত সমস্যার কারণে অভিযোগ পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটির বেশিরভাগ অংশ সাভার এলাকায় ঘটেছে। তাই চীনা নাগরিককে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments