খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
খুলনা নগরীর দৌলতপুরে একটি মসজিদের ভেতরে ঢুকে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) জামে মসজিদে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন লোকমান হোসেন ও আলম। তাদের মধ্যে লোকমান হোসেনের শরীরে চারটি গুলি লাগে এবং আলমের হাতে একটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় লোকমানকে ঢাকায় পাঠানো হয়েছে এবং আলম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, ফজরের নামাজের পর কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার সময় লোকমান হোসেন মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াতে ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকমান হোসেনকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। তবে এলোপাতাড়ি গুলিতে আলমও আহত হন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে একাধিক দল কাজ করছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments