Header Ads Widget

Responsive Advertisement

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় মোজাম্মেল বাবু-ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ

 শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় মোজাম্মেল বাবু-ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ 

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার মোজাম্মেল বাবু এবং বুধবার ফারজানা রূপাকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের দায় এড়িয়ে দাবি করেছেন, সংশ্লিষ্ট সময়ে যা কিছু করা হয়েছে তা ঊর্ধ্বতন নির্দেশনা অনুযায়ী করা হয়েছিল।

তদন্ত কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ৫ আগস্টের আগে সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে মোজাম্মেল বাবু দাবি করেন, ওই ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এর আগে গত ৭ মে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের অনুমতিও প্রদান করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনাবলির বিষয়ে এই দুই সাংবাদিক গণমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করেছিলেন।

মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments