ইরানে একাধিকবার গোপন হামলা চালায় সৌদি আরব
ইরানে একাধিক গোপন হামলা চালিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে সৌদি আরবে চালানো হামলার জবাবে এ হামলা চালানো হয়। বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা কর্মকর্তা এবং দুই ইরানি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এই প্রথম ইরানে সৌদি আরবের সামরিক হামলার তথ্য জানা গেল। বিষয়টি এতদিন অপ্রকাশ্যেই ছিল। তবে নির্দিষ্টভাবে কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
দুই পশ্চিমা কর্মকর্তা জানিয়েছেন, সৌদি বিমান বাহিনীর চালানো এসব হামলা মার্চের শেষ দিকে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের একজন বলেন, ‘সৌদি আরবে হামলা হওয়ার জবাবে পাল্টা প্রতিশোধমূলক হামলা হিসেবেই এগুলো চালানো হয়েছিল।’
এ বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে মন্তব্য জানতে চাওয়া হয়। জবাবে তিনি হামলা চালানো হয়েছিল কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সামরিক সম্পর্ক রয়েছে সৌদি আরবের। দীর্ঘকাল ধরে নিরাপত্তার জন্য মার্কিন সামরিক শক্তির ওপর নির্ভর করে আসছে দেশটি। তবে মধ্যপ্রাচ্যে ১০ সপ্তাহের এই যুদ্ধ সৌদি আরবকে এমন হামলার জন্য দুর্বল করে তুলেছে, যা যুক্তরাষ্ট্রের সামরিক ‘সুরক্ষা ছাতা’ ভেদ করে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে।
0 Comments