পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরুর পথে ঢাকা-দিল্লি
সাম্প্রতিক কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে ঢাকা ও দিল্লি। জানা গেছে, বাংলাদেশ ইতোমধ্যেই ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরিতে ভিসা প্রদান শুরু করেছে এবং ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে তাদের পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করেছে।
শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়টি গুরুত্বের সঙে তুলে ধরেন। বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার বিভাগসহ ভারতে অবস্থিত সকল বাংলাদেশি ভিসা কেন্দ্র সচল রয়েছে। এই প্রেক্ষাপটে ঢাকা দ্রুততম সময়ে দিল্লির পক্ষ থেকে একই ধরনের পদক্ষেপ প্রত্যাশা করছে।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম স্থগিত করা হলেও ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু করা হয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল ঢাকা সফর করে, যার অংশ ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, নতুন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দিল্লি ও ঢাকা তা কাটিয়ে উঠতে নতুন করে সম্পর্ক বিন্যাসের উদ্যোগ নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, উভয় পক্ষের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার পর দিল্লি ও ঢাকা অর্থনৈতিক সম্পর্ক এবং জ্বালানি সংযোগসহ অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মনোযোগ দেবে। আগামী সপ্তাহগুলোতে উচ্চপর্যায়ের রাজনৈতিক সম্পৃক্ততাও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে ভারত ডিজেল সরবরাহ করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

0 Comments