রাতে যুবশক্তির ৪১ সদস্যের কমিটি, সকালে ২৩ জনের পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দফায় দফায় পদত্যাগের ঘটনা ঘটেছে। বুধবার সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন কমিটি ঘোষণার পরেই প্রথম পদত্যাগ করা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন প্রকাশ করা হয়; কিন্তু প্রকাশের পরপরই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে একে একে ২৩ নেতা পদত্যাগের ঘোষণা দেন।
সূত্র জানায়, কমিটি ঘোষণার পর প্রথমেই পদত্যাগ করেন ইয়াছিন আরাফাত।
তার পর পরই যুগ্ম সদস্যসচিব–১ ব্যতীত অন্য সব যুগ্ম সদস্যসচিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিবসহ একাধিক পদধারী নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন।
পদত্যাগকারী ইয়াছিন আরাফাত বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, আজ আমরাই বৈষম্যের শিকার হলাম। কেন্দ্রীয় নেতারা পছন্দের মানুষ দিয়ে কমিটি করেছে তাই পদত্যাগের হিড়িক পড়েছে। সব মিলিয়ে এ কমিটি আর চলার মতো অবস্থায় নেই।
তিনি বলেন, ‘৪১ সদস্যের কমিটি থেকে ২৩ জন পদত্যাগ করেছেন। এর মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, শহীদ পরিবারের সদস্য, জুলাই আহত যোদ্ধা থেকে শুরু করে অনেকে রয়েছেন। আমরা সংবাদ সম্মেলন করে এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করব।’
সূত্র : কালের কণ্ঠ

0 Comments