Header Ads Widget

Responsive Advertisement

কারাগারে থাকা হত্যা মামলার আসামি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী!

 


চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রহকারী নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন উঠেছে। হত্যা মামলায় কারাগারে থাকা এক ব্যক্তির নাম সরকারি এই কর্মসূচির ‘চূড়ান্ত নির্বাচিত’ তথ্য সংগ্রহকারী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় স্থানীয়ভাবে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রকাশিত তালিকায় ৮ নম্বর ক্রমিকে শাকিল গাজীর নাম ‘চূড়ান্ত নির্বাচিত’ হিসেবে রয়েছে। তালিকায় তার পিতার নাম আলফু গাজী এবং গ্রামের নাম লোধেরগাঁও উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্র ও মামলার নথি অনুযায়ী, শাহমাহমুদপুর এলাকায় প্রবাসী শাহজাহান পাটওয়ারী হত্যা মামলার প্রধান আসামি শাকিল গাজী বর্তমানে কারাগারে রয়েছেন। ফলে কারাগারে থাকা একজন ব্যক্তি কীভাবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মতো সরকারি দায়িত্বের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আর্থিক অবস্থা, আয়-ব্যয়সহ বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে হবে। এ দায়িত্ব দেওয়ার আগে প্রার্থীদের পরিচয়, যোগ্যতা, আইনগত অবস্থান ও অন্যান্য তথ্য যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা।

রাজনৈতিক পরিচয়ের দিক থেকেও শাকিল গাজী স্থানীয়ভাবে পরিচিত। তিনি শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচিত।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ নির্বাচন কমিটির সভাপতি এস এম এন জামিউল হিকমা বলেন, ‘ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছে। আমরা তাকে বাদ দিয়ে দেব। অপেক্ষমাণ তালিকা থেকে নেব।’

তবে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে প্রার্থীদের আইনগত ও সামগ্রিক অবস্থান যাচাইয়ের প্রক্রিয়া কতটা কার্যকরভাবে সম্পন্ন হয়েছে, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে আলোচনা চলছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক 

Post a Comment

0 Comments