তিন দিনের ব্যবধানে দুই ম্যাচে মাঠে নামার পর হঠাৎ লুটিয়ে পড়ার ঘটনায় বায়ার্ন মিউনিখের তারকা জামাল মুসিয়ালাকে নিয়ে ফুটবল বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছিল। অবশেষে নিজের শারীরিক অবস্থার বিষয়ে মুখ খুলেছেন ২৩ বছর বয়সী এই জার্মান মিডফিল্ডার।

মুসিয়ালা জানিয়েছেন, পরীক্ষায় তার শরীরে হালকা ও ক্ষণস্থায়ী ‘অ্যাবসেন্স সেজার’ শনাক্ত হয়েছে। এটি এক ধরনের স্নায়বিক সমস্যা, যার কারণে সাময়িকভাবে চেতনা হারানোর মতো ঘটনা ঘটতে পারে। তবে এটি নিরাময়যোগ্য বলেও ভক্তদের আশ্বস্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) হেইডেনহাইমের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ ঢলে পড়েন মুসিয়ালা। তাকে কিছুটা বিভ্রান্তও দেখা যায়। চিকিৎসা শেষে চিকিৎসকদের সঙ্গে মাঠ ছাড়েন তিনি।

এর মাত্র তিন দিন আগে লাইপজিগের বিপক্ষেও একইভাবে মাঠে লুটিয়ে পড়েছিলেন বায়ার্নের এই তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুসিয়ালা জানান, দুই ম্যাচে ঘটে যাওয়া ঘটনাগুলো এই স্নায়বিক সমস্যার কারণেই হয়েছে। বাইরে থেকে ঘটনাগুলো ভয়াবহ মনে হলেও বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং দ্রুত পুরোপুরি সুস্থ হওয়ার ব্যাপারে আশাবাদী।

ভক্তদের ধন্যবাদ জানিয়ে মুসিয়ালা তাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল জানিয়েছিলেন, মুসিয়ালার শারীরিক সমস্যার বিষয়টি ক্লাব কর্তৃপক্ষের জানা রয়েছে এবং তিনি নিজেই দ্রুত এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক