ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।
ডনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি ঢাকা মেট্রোর (পশ্চিম) বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজির। তিনি জানান, ডনকে সিআইডির হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
সিআইডি জানিয়েছে, ডন সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৫ সালের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলাতেই ডনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন—শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা রয়েছে। চিত্রনায়কের পরিবার শুরু থেকেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছে।
সালমান শাহর মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করেছিল। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, অপমৃত্যু মামলার তদন্তে হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সেটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।
নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেকের পর মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ। অল্প সময়ের চলচ্চিত্র জীবনে তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও স্মরণীয় অভিনেতা হিসেবে দর্শকদের মনে জায়গা করে নেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments