নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নাগরিক সেবা সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আরও উৎসাহিত করতে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে।
সরকার জানিয়েছে, এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা দেশে ও বিদেশে বিভিন্ন আর্থিক ও সেবামূলক সুবিধা উপভোগ করতে পারবেন। ডুয়েল কারেন্সি সুবিধার পাশাপাশি অনলাইন শপিংয়ের সুযোগও থাকবে। একই সঙ্গে দেশের বাইরে এবং দেশের ভেতরে এই কার্ড ব্যবহার করা যাবে।
প্রবাসী কার্ডধারীরা বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। এছাড়া বিমানের টিকিট, হোটেল ভাড়া এবং বিভিন্ন সেবায় বিশেষ ছাড় দেওয়া হবে। দেশের বিভিন্ন প্রবাসী সিটি ও আবাসন প্রকল্পে কার্ডধারীদের জন্য অগ্রাধিকার সুবিধাও রাখা হয়েছে।
এছাড়া বিএমইটির আওতায় বীমা ও পুনর্বাসন সুবিধা, আর্থিক ক্ষতিপূরণ, সামাজিক সুরক্ষা এবং বৈধ পথে পাঠানো রেমিট্যান্সের ক্ষেত্রে অতিরিক্ত সরকারি প্রণোদনাও অন্তর্ভুক্ত থাকবে এই কার্ডে।
প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, বর্তমানে বৈধ পথে পাঠানো রেমিট্যান্সে যে আড়াই শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে, প্রবাসী কার্ডধারীদের জন্য তা ৩ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, চলতি বছরের মধ্যেই দুই লাখ প্রবাসীর হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্য রয়েছে। প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে কয়েকটি দেশে পাঁচ হাজার প্রবাসীকে কার্ড দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, আগস্টের মাঝামাঝি সময়েই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়া-প্রবাসী পাভেল সারওয়ার। তিনি বলেন, প্রবাসী কার্ডে ঘোষিত সুযোগ-সুবিধাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা আরও বাড়বে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, অতীতে বিএমইটি কার্ড নিতে গিয়ে যে ধরনের জটিলতা ও হয়রানির মুখে প্রবাসীদের পড়তে হয়েছে, নতুন প্রবাসী কার্ডের ক্ষেত্রে সেসব সমস্যার পুনরাবৃত্তি হবে না।
সরকার জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রবাসীদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments