Header Ads Widget

Responsive Advertisement

বন্ধুকে অপহরণ করে হত্যা, ইজতেমা ময়দানের ড্রেনে মিলল লাশ


 চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গাজীপুরের টঙ্গীতে আকাশ সরদার (২১) নামে এক যুবককে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় মাজহারুল ইসলাম মিঠু (৩০) নামে নিহতের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের ২১ নম্বর টয়লেটের পাশে একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আকাশ সরদার ফরিদপুরের কোতোয়ালি থানার চাঁদপুর গ্রামের মো. করিম সরদারের ছেলে। গ্রেপ্তার মিঠু নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নাজিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে। আকাশ ও মিঠু দুজনই আগে কম্বোডিয়ায় প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার অপু মিয়ার মাধ্যমে আকাশ ও মিঠু কম্বোডিয়ায় যান। প্রায় তিন মাস আগে তারা দেশে ফেরেন। দেশে ফিরে আকাশ বেকার হয়ে পড়লে চাকরি দেওয়ার কথা বলে গত ২৭ জুলাই তাকে সোনারগাঁয়ে ডেকে নেন মিঠু। পরে তাকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে আসা হয় বলে অভিযোগ।

এজাহার অনুযায়ী, ওই দিন সন্ধ্যা ৭টার দিকে আকাশের স্ত্রী জেরিনের হোয়াটসঅ্যাপে কল করে সুমন নামে এক ব্যক্তি আকাশকে আটকে রাখার কথা জানান। এরপর থেকে আকাশের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে আকাশের বাবা মো. করিম সরদার ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলায় মিঠু, মো. অপু মিয়া ও মো. সুমন মিয়াকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তার চাহিদার ভিত্তিতে র‍্যাব-১-এর একটি দল গত ২৩ আগস্ট টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আকাশের মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments