অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্টে স্বাগতিকদের হারিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছে টাইগাররা। আর এই ঐতিহাসিক জয়ের পথে বল হাতে বড় অবদান রেখেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত স্পিনে ৫ উইকেট শিকার করে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন মিরাজ। তার বোলিং নৈপুণ্যের ওপর ভর করে মাত্র ৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোনো স্পিনার হিসেবে টেস্টের তৃতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন মিরাজ। দীর্ঘ ১৪ বছর পর আবারও দেখা গেল এই নজির। সবশেষ ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। তিনি ৯৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।
এ ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী স্পিনার হিসেবে সবশেষ ২০১৯ সালে ৫ উইকেট নিয়েছিলেন ভারতের কুলদীপ যাদব। তবে তার সেই কীর্তি ছিল দ্বিতীয় ইনিংসে।
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৬ উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। এবার দ্বিতীয় ইনিংসে ফাইফার তুলে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে নিজের নাম লিখিয়েছেন মিরাজ।
ঐতিহাসিক এই জয়ের পর নিজের অনুভূতিও জানিয়েছেন মিরাজ। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত এবং সম্মানিত।’
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং নিজের এমন বিরল বোলিং কীর্তি—দুই মিলিয়ে মিরাজের জন্য ডারউইন টেস্ট হয়ে থাকল স্মরণীয় এক অধ্যায়।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments