খামেনির দাফন ঘিরে হামলা বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্পের
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে সামরিক হামলায় সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খামেনির দাফন ও শোকানুষ্ঠান চলাকালে কোনো পক্ষই একে অপরের ওপর হামলা চালাবে না। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে শেষ বিদায় জানাতে রাজধানী তেহরানের রাস্তায় লাখো শোকাহত মানুষের ঢল নেমেছে।
তবে ট্রাম্পের সাময়িক বিরতির ঘোষণার মধ্যেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সহিংসতা অব্যাহত রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। একই সময়ে গাজা উপত্যকার উত্তরাঞ্চলের গাজা সিটি ও জাবালিয়া শরণার্থী শিবিরে পৃথক হামলায় আরও দুই ফিলিস্তিনির প্রাণহানির খবর পাওয়া গেছে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের পথে ইসরায়েল বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগে তুরস্ক সহযোগিতা করতে প্রস্তুত এবং প্রয়োজন হলে সক্রিয় ভূমিকা রাখবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments