২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক তীক্ষ্ণ মন্তব্য করেছেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস।
প্রথমেই তিনি ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেলের কৌশলের সমালোচনা করেন।
ক্যাসিয়াস লেখেন, “গোল করার পরই তারা রক্ষণে নেমে গেল। ভীরু কৌশল। নিজেদের বক্স ছেড়ে বেরই হয়নি। এতে আর্জেন্টিনা আরও বেশি আক্রমণের সুযোগ পেয়েছে। এমন ফলই স্বাভাবিক।”
ম্যাচ শেষে আরেক পোস্টে তিনি বলেন, ইংল্যান্ড নিজেদের কৌশলগত ভুলের কারণেই ম্যাচটি হেরেছে।
তার ভাষায়, “৩০ মিনিট ধরে তারা আর্জেন্টিনাকেই খেলার নিয়ন্ত্রণ করতে দিয়েছে। এটা হতে পারে না। ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনা—অবিশ্বাস্য একটি ম্যাচ হতে যাচ্ছে।”
এরপর আরও সরাসরি আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে বার্তা দেন সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক।
তিনি লেখেন, “তোমরা চতুর্থ তারকা পেতে যাচ্ছ না। চতুর্থ তারকা হবে না। এবার দ্বিতীয়টির জন্য লড়বে স্পেন। এগিয়ে চলো স্পেন!”
দীর্ঘ ক্যারিয়ারে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকোতে বহুবার লিওনেল মেসির মুখোমুখি হওয়া ক্যাসিয়াস এবারও স্পষ্টভাবে স্পেনের পক্ষেই অবস্থান নিয়েছেন।
সেমিফাইনালে শুরুতে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষদিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচ জিতে নেয় লিওনেল স্কালোনির দল। এনজো ফার্নান্দেজ দূরপাল্লার শটে সমতা ফেরান। পরে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে লাউতারো মার্তিনেজের হেডে আসে জয়সূচক গোল।
এই জয়ের মাধ্যমে ইতিহাসে সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবার লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির নেতৃত্বে আলবিসেলেস্তেদের লক্ষ্য চতুর্থ বিশ্বকাপ শিরোপা।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments