টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে নিজ কার্যালয়ে বসে মানিব্যাগ থেকে টাকা বের করে একজনের হাতে দিতে দেখা যায়। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তোলপাড় সৃষ্টি হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত তার কার্যালয়ে বসে কেরুসহ বিভিন্ন মাদকজাতীয় পানীয় নিয়ে আলোচনা করছেন। একপর্যায়ে তাকে মানিব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে একজনের হাতে দিতে দেখা যায়। ভিডিওতে কেরু অ্যান্ড কোম্পানির নামও উচ্চারিত হতে শোনা যায়।
তবে ভিডিওটির সত্যতা এবং এটি কোন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এছাড়া টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে টাঙ্গাইল জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ বলেন, “রক্ষক যদি ভক্ষক হয়, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।”
ভাইরাল ভিডিওটি নিয়ে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা তদন্তের ঘোষণা দেওয়া হয়নি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments