ফেস দ্যা পিপল সম্পাদকসহ দুইজনের বিরুদ্ধে মামলার আবেদন
চাঁদা দাবি ও মানহানির অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশন-এর পক্ষে আবু মো. কামরুজ্জামান এ মামলার আবেদন করেন। বাদী পক্ষের আইনজীবী মো. ইমদাদুল হক লাল ও আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেছেন।
মামলার আবেদনে বলা হয়, আসামিরা ফেস দ্যা পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর মাস্তুল ফাউন্ডেশনের অফিসে আসেন। এরপর আসামিরা মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে প্রতিবেদন প্রকাশের ২০ হাজার এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য ১৫ হাজার টাকা করে দাবি করেন। মাস্তুল ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য আসামিদের মাসিক ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন।
এ সময় মাস্তুল ফাউন্ডেশন কর্তৃপক্ষ আসামিদের দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় ভয়ভীতিসহ প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া, গত ২৮ জুন ফেস দ্যা পিপল অনলাইন নিউজ পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুণ্ণ করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এর ফলে প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার মানহানি ঘটেছে বলে দাবি করা হয়।
সুত্রঃ স্টার নিউজ
0 Comments