Header Ads Widget

Responsive Advertisement

‘আপত্তিকর’ ভিডিও: সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, এমপিও সুবিধা স্থগিত

 ‘আপত্তিকর’ ভিডিও: সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, এমপিও সুবিধা স্থগিত


সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত এবং তার এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধা স্থগিতের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শনিবার (৪ জুলাই) মাউশির বেসরকারি মাধ্যমিক শাখা থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়, গত ২ জুলাই থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান শিক্ষক রুহুল আমিনের একটি আপত্তিকর ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও কথাবার্তা বলতে দেখা গেছে বলে মাউশির পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।

মাউশি বলছে, এ ধরনের আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত আচরণ শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে।

আদেশে আরও বলা হয়, স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা-১৯৭৯ অনুযায়ী এ ধরনের আচরণ গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের শামিল।

এ পরিপ্রেক্ষিতে বিধিমালা-১৯৭৯ অনুযায়ী প্রধান শিক্ষককে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত এবং জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর ১৮.১(গ) ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও সুবিধা স্থগিত (স্টপ পেমেন্ট) করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন)কে এমপিও স্থগিতের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নুকালি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিকে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এ আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments