পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলা ছাত্রদলের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।
এতে আরও বলা হয়, সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতা মো. আরিফুল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠান জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান।
এর আগে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে একাধিক ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থী ও নেতাকর্মীদের অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. ফারদিন ইসলাম দাবি করেন, আরিফুল ইসলাম মেয়েদের নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণামূলকভাবে যোগাযোগ করতেন। পরে তাদের অনৈতিক প্রস্তাব দিতেন।
তিনি আরও অভিযোগ করেন, কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে জোরপূর্বক সমকামিতার চেষ্টাও করা হয়েছে এবং এ-সংক্রান্ত কিছু তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আরিফুল ইসলাম টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দেন বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদল নেতা মো. ইশতিয়াক বলেন, বিভিন্ন ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে একাধিক ব্যক্তিকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশটও তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন তিনি।
অপর ছাত্রনেতা মো. আরিফুল ইসলাম মুবিন অভিযোগ করেন, একটি ফেসবুক আইডি থেকে আরিফুল ইসলাম মোল্লার ছবি ব্যবহার করে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. আরিফুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদল শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত মো. আরিফুল ইসলামের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments