বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে গত এক দশকে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে ১৯টি। ২০১৪ সালে যেখানে বাঘের সংখ্যা ছিল ১০৬টি, সেখানে সর্বশেষ ২০২৪ সালের ক্যামেরা ট্র্যাপিং জরিপে পাওয়া গেছে ১২৫টি বাঘ। তবে সংখ্যা বৃদ্ধির এই ইতিবাচক চিত্রের পাশাপাশি শিকার, বনদস্যুদের তৎপরতা, আবাসস্থল সংকুচিত হওয়া এবং অবৈধ বন্যপ্রাণী পাচারের কারণে এখনো বাঘের অস্তিত্ব বড় ধরনের হুমকির মুখে রয়েছে।
বাঘ জরিপের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৮ সালের জরিপে তা বেড়ে দাঁড়ায় ১১৪টিতে। সর্বশেষ ২০২৪ সালের ক্যামেরা ট্র্যাপিং জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া গেছে। বন বিভাগের হিসাবে, প্রতি ১০০ বর্গকিলোমিটার এলাকায় বর্তমানে গড়ে প্রায় ২ দশমিক ১৭টি বাঘ রয়েছে।
সুন্দরবন রক্ষায় কাজ করা সংগঠন ‘সুন্দরবন রক্ষায় আমরা’-এর সমন্বয়কারী মো. নুর আলম শেখ জানান, বাঘের সংখ্যা বাড়লেও তাদের নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। তার দাবি, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন কারণে ৯১টি বাঘ মারা গেছে। এর মধ্যে ৫৮টি বাঘ পিটিয়ে বা শিকার করে হত্যা করা হয়েছে, ৩০টি বার্ধক্য বা অসুস্থতায় মারা গেছে এবং তিনটি বাঘ প্রাণ হারিয়েছে প্রাকৃতিক দুর্যোগে।
তিনি বলেন, হরিণ শিকারিদের অবাধ তৎপরতা এবং বনদস্যুদের কারণে বাঘের আবাসস্থল সংকুচিত হচ্ছে। সম্প্রতি হরিণ শিকারিদের পাতা ফাঁদে একটি বাঘ আটকা পড়ার ঘটনাও এই সংকটের বাস্তব চিত্র তুলে ধরেছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক সামিউল হক বলেন, একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের জন্য ৬০ থেকে ১৫০ বর্গকিলোমিটার এবং একটি স্ত্রী বাঘের জন্য ২০ থেকে ৬০ বর্গকিলোমিটার বিচরণক্ষেত্র প্রয়োজন। তবে পর্যাপ্ত হরিণ ও বুনো শূকরের মতো শিকার প্রাণী থাকলে তুলনামূলক ছোট এলাকাতেও বাঘ টিকে থাকতে পারে।
তিনি আরও বলেন, বাঘ সংরক্ষণে হরিণ শিকার বন্ধ, বন ধ্বংস রোধ, শিকার ও পাচারবিরোধী আইন আরও কঠোরভাবে বাস্তবায়ন এবং চোরা শিকারিদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া জরুরি। পাশাপাশি ক্যামেরা ট্র্যাপ ও রেডিও কলারের মাধ্যমে নিয়মিত বাঘের গতিবিধি পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন বলেন, মানুষের অতিরিক্ত বিচরণ এবং আবাসস্থলের সংকট বাঘের প্রজননের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সুন্দরবনে মানুষের অনিয়ন্ত্রিত প্রবেশ সীমিত করে বাঘের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে হবে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সর্বশেষ জরিপে সুন্দরবনে ১২৫টি বাঘের অস্তিত্ব পাওয়া গেছে, যা আগের জরিপের তুলনায় ১৯টি বেশি। তিনি জানান, বাঘের সংখ্যা আরও বাড়াতে হরিণ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১৩৫ জন হরিণ পাচারকারীর তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবন ও বন্যপ্রাণীর ক্ষতির পেছনে বনভিত্তিক সুবিধাভোগীদের একটি অংশ জড়িত। তিনি জানান, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কয়েকটি বনদস্যু দল আত্মসমর্পণ করেছে, হরিণ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া সম্প্রতি হরিণ শিকারিদের ফাঁদে আহত একটি বাঘকে উদ্ধার করে ছয় মাস চিকিৎসার পর আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের ‘কিস্টোন’ বা প্রধান প্রজাতি। এই প্রাণীটির নিরাপদ অস্তিত্ব নিশ্চিত করা গেলে সুন্দরবনের জীববৈচিত্র্য, খাদ্যশৃঙ্খল এবং পরিবেশগত ভারসাম্যও টিকে থাকবে। তাই বাঘ সংরক্ষণে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments