দিনের বেলায় ছেয়ে যাবে অন্ধকার, জানা গেল বিরল পূর্ণ সূর্যগ্রহণের তারিখ


দুই বছরেরও বেশি সময় পর বিশ্ববাসী প্রত্যক্ষ করতে যাচ্ছে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আগামী ১২ আগস্ট চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে সূর্যের আলো সম্পূর্ণরূপে আড়াল করবে, ফলে বিশ্বের কয়েকটি অঞ্চলে দিনের বেলাতেই সাময়িক অন্ধকার নেমে আসবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়া পৃথিবীর নির্দিষ্ট অংশের ওপর পড়ে এবং সেখান থেকে সূর্যকে পুরোপুরি আড়াল হতে দেখা যায়। এবারের গ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু এলাকায়।

এ সময় ‘টোটালিটি’ বা সূর্য সম্পূর্ণ আড়াল হওয়ার মুহূর্তে দিনের আকাশ রাতের মতো অন্ধকার হয়ে যাবে। এছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, ইউরোপের মূল ভূখণ্ডে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। আর স্পেনের মূল ভূখণ্ডে এমন ঘটনা সর্বশেষ দেখা যায় ১৯০৫ সালে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গ্রিনল্যান্ডে দর্শকরা দুই মিনিটেরও বেশি সময় পূর্ণ সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন। অন্যদিকে উত্তর স্পেনে গ্রহণের পূর্ণতা স্থায়ী হবে প্রায় ২০ সেকেন্ড।

এদিকে গ্রহণ দেখার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে নাসা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রহণ-চশমা বা সোলার ভিউয়ার ছাড়া সূর্যের দিকে সরাসরি তাকানো বিপজ্জনক। সাধারণ সানগ্লাস কোনোভাবেই নিরাপদ নয়। এছাড়া গ্রহণ-চশমা পরে টেলিস্কোপ, দূরবীন বা ক্যামেরার লেন্স ব্যবহার করাও চোখের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক