সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নৌবন্দরে ২ নম্বর সতর্কসংকেত
তাহাদ নিউজ ২৪ ডেস্কঃ
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ০২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের তীব্রতা বিবেচনায় ছোট-বড় সব নৌযানকে সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দুপুর ১টা ৩০ মিনিটের পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার ওপর।
ঢাকা শহরসহ ঢাকা বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোর ওপরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর।

0 Comments