অবশেষে খুলছে হরমুজ প্রণালি!
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকি কমে আসা এবং নতুন নিয়ম চালুর পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ থাকবে। বুধবার এক্সে দেওয়া এক বিবৃতিতে তারা জাহাজ মালিক ও ক্যাপ্টেনদের ইরানের নতুন নির্দেশনা মেনে চলার জন্য ধন্যবাদ জানায়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে পার করতে চালু করা “প্রজেক্ট ফ্রিডম” সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় “গুরুত্বপূর্ণ অগ্রগতি” হওয়ায় এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, ইরান চুক্তিতে সম্মত না হলে আবারও ব্যাপক হামলা শুরু হতে পারে। অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব তারা পর্যালোচনা করছে এবং পাকিস্তানের মাধ্যমে নিজেদের অবস্থান জানাবে।
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে ইরান নতুন “পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি” গঠন করেছে, যা ওই জলপথে সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করবে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ইরান হরমুজ প্রণালীর ওপর দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে।
এদিকে ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএম জানিয়েছে, তাদের একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের সময় হামলার শিকার হয়েছে। এতে কয়েকজন নাবিক আহত হন এবং জাহাজের ক্ষতি হয়। চলমান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথে শত শত জাহাজ আটকে আছে এবং বৈশ্বিক তেল বাণিজ্যও বড় ধরনের চাপের মুখে পড়েছে।
সুত্রঃ আল জাজিরা
0 Comments