মরণফাঁদ গ্যাস বেলুনে রান্না! পাকিস্তানে ঘটছে ভয়ংকর কাণ্ড
আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র জ্বালানি সংকট ও গ্যাসের নিম্নচাপের কারণে ভয়াবহ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়েছে পাকিস্তানের করাচিসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না থাকায় স্থানীয় বাসিন্দারা এখন প্লাস্টিকের বেলুন ও বড় ব্যাগে রান্নার গ্যাস সংরক্ষণ করে তা দিয়ে রান্নার কাজ চালাচ্ছেন। স্থানীয়ভাবে এই পদ্ধতি “মরণফাঁদ” কিংবা “বেলুন বোমা” নামে পরিচিতি পেয়েছে।
জানা গেছে, করাচির মমিনাবাদ, ওরাংগি টাউনসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় গ্যাসের নিম্নচাপ ও লোডশেডিংয়ের কারণে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। দিনে অল্প সময়ের জন্য গ্যাস সরবরাহ এলেও সেই সুযোগে মানুষ প্লাস্টিকের বড় ব্যাগ বা বেলুনে গ্যাস জমা করে রাখছেন। পরে সেই গ্যাস সাধারণ চুলায় ব্যবহার করা হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি অত্যন্ত বিপজ্জনক। সামান্য আগুনের স্ফুলিঙ্গ, অতিরিক্ত চাপ কিংবা অসাবধানতাবশত বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। এতে প্রাণহানির ঝুঁকিও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাসভর্তি এসব প্লাস্টিকের বেলুন স্থানীয় বাজারে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ পাকিস্তানি রুপিতে বিক্রি হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ উপায় বেছে নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, নিরাপত্তা বিশেষজ্ঞরা অবিলম্বে এই বিপজ্জনক প্রবণতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য পাকিস্তান প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments