জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের কথিত ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর পল্টনে অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। কর্মসূচিতে অংশ নেওয়া নারীরা হাড়ি-পাতিল ও গ্যাসের চুলা নিয়ে উপস্থিত হয়ে প্রতীকী প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর পল্টন এলাকায় কর্মসূচি শুরু হয়। এ সময় কর্মসূচিকে কেন্দ্র করে পল্টন জিরো পয়েন্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া এক নারী বলেন, গ্যাসের অভাবে অনেক পরিবার নিয়মিত রান্না করতে পারছে না। বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য বাড়তি আর্থিক চাপ তৈরি করছে। তিনি দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
অবস্থান কর্মসূচি থেকে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট নিরসনে ১০ দফা দাবি উত্থাপন করে ১১ দলীয় জোট। দাবিগুলোর মধ্যে রয়েছে গত তিন মাসে আদায় করা কথিত অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে গণশুনানির আয়োজন, দায়ীদের শাস্তি, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ, প্রিপেইড ও পোস্টপেইড মিটারের ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও অন্যান্য অযৌক্তিক ফি বাতিল এবং বিলিং ব্যবস্থায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা।
এ ছাড়া গ্যাস সরবরাহ না থাকলে বিল আদায় বন্ধ, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, আমদানি নির্ভরতা কমাতে দীর্ঘমেয়াদি জাতীয় জ্বালানি নীতি প্রণয়ন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান এবং কূপ খননের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
দাবির মধ্যে আরও রয়েছে মহেশখালী এলএনজি টার্মিনালের কার্যক্রম ও ব্যর্থতার তদন্ত, ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ, বিকল্প জ্বালানি সরবরাহের পরিকল্পনা ঘোষণা এবং গ্যাসের সিস্টেম লস, চুরি ও অপচয় রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
একই সঙ্গে শিল্প, ব্যবসা ও বিদ্যুৎ উৎপাদন খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত, এলপিজি ও সিএনজির পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা এবং জ্বালানি খাতে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments