কারা খেলবে বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার
বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সম্ভাবনার নতুন হিসাব সামনে এনেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্ট। তাদের সুপারকম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। তবে ফাইনালে ওঠার সম্ভাবনার বিচারে সবার শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
৪৮ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ এখন শেষ ৩২ দলের লড়াইয়ে পৌঁছেছে। নকআউট পর্বের সম্ভাব্য সমীকরণ বিশ্লেষণ করে অপটার সুপারকম্পিউটার প্রতিটি দলের পরবর্তী ধাপে ওঠার সম্ভাবনা প্রকাশ করেছে।
সুপারকম্পিউটারের হিসাবে, শেষ বত্রিশ থেকে শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি ফ্রান্সের—৮১.৫ শতাংশ। এরপর কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫৮.৩ শতাংশ, সেমিফাইনালে ৪২.৭ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮.৪ শতাংশ। সবশেষে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮.৭ শতাংশ, যা বর্তমানে সব দলের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে, নকআউটের প্রতিটি ধাপ পেরিয়ে ফাইনালে পৌঁছানোর সম্ভাবনায় এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে জয়ের সম্ভাবনা ৮৯.২ শতাংশ। এছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৭০.৫ শতাংশ, সেমিফাইনালে ৪৯.৬ শতাংশ এবং ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৩০ শতাংশ, যা এই পর্যায়ে সর্বোচ্চ।
অর্থাৎ, সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী ফাইনালে ওঠার ক্ষেত্রে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও শিরোপা জয়ের সম্ভাবনায় শেষ পর্যন্ত ফ্রান্সই সবার ওপরে রয়েছে।
বিশ্বকাপ জয়ের সম্ভাবনার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন (১৩.৫ শতাংশ)। এরপর রয়েছে ইংল্যান্ড (৯.৭ শতাংশ) এবং ব্রাজিল (৬.৫ শতাংশ)।
এছাড়া নেদারল্যান্ডসের শিরোপা জয়ের সম্ভাবনা ৫.১ শতাংশ, পর্তুগালের ৪.৭ শতাংশ এবং জার্মানির ৪.৪ শতাংশ। সম্ভাবনার দৌড়ে এখনও টিকে রয়েছে কলম্বিয়া (৩.২ শতাংশ), নরওয়ে (৩ শতাংশ), স্বাগতিক যুক্তরাষ্ট্র (২.৫ শতাংশ) এবং সুইজারল্যান্ড (২.২ শতাংশ)।
তিন স্বাগতিক দেশের অন্যতম মেক্সিকোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১.৮ শতাংশ। মরক্কো ও বেলজিয়ামের সম্ভাবনা সমান ১.৬ শতাংশ, আর জাপানের সম্ভাবনা মাত্র ১ শতাংশ।
তবে অপটা অ্যানালিস্টও মনে করিয়ে দিয়েছে, এসব পূর্বাভাস কেবল পরিসংখ্যান ও গাণিতিক বিশ্লেষণের ভিত্তিতে তৈরি। ফুটবলে একটি ম্যাচের ফল অনেক সময় সব হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে। তাই মাঠের লড়াইয়েই শেষ পর্যন্ত নির্ধারিত হবে কে জিতবে বিশ্বকাপের সোনালি ট্রফি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments