Header Ads Widget

Responsive Advertisement

নিখোঁজ হওয়া ৬ মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে পাঁচ জনকে উদ্ধার

 নিখোঁজ হওয়া ৬ মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে পাঁচ জনকে উদ্ধার


নেত্রকোণার নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়া ৬ মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে ৫ জনকে উদ্ধার করেছে পুলিশ ও স্বজনরা। উদ্ধার হওয়া শিক্ষার্থীদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনও একজন শিক্ষার্থীর সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ এলাকা থেকে তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তারা হলো—পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।

এর আগে বিকালে নালিতাবাড়ীর আড়াইআনী বাজারের খাদ্যগুদাম এলাকা থেকে ওয়াসিমের ছেলে আব্দুল্লাহ আনসারীকে (১০) উদ্ধার করা হয়। পরে রাতে রাজধানী ঢাকার মহাখালী এলাকা থেকে খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফির (১২) সন্ধান পান তার স্বজনরা।

জানা গেছে, গত শনিবার শহরের আড়াইআনী বাজার এলাকা থেকে এক শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন রোববার দুপুরে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থী একযোগে নিখোঁজ হয়। এছাড়া সোমবার আড়াইআনী বাজারের জেলখানা মোড় এলাকা থেকে আরও এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।

বিকালে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উদ্ধার অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে খাদ্যগুদাম এলাকা থেকে একজন এবং সন্ধ্যার পর তিনানী বাজার বড় মসজিদ এলাকা থেকে আরও তিন জনকে উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, নিখোঁজ অপর শিক্ষার্থীর সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments