Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক

 বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক


নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে গ্রাহকদের ব্যাপক আমানত উত্তোলনের চাপে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতে ব্যর্থ হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে ব্যাংকটি।

ব্যাংকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সাম্প্রতিক সময়ে গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলনের ফলে ব্যাংকের তারল্য চাপে পড়েছে। এর প্রভাব কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত নগদ জমার ওপরও পড়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অ্যাকাউন্ট এখনো ইতিবাচক অবস্থানে রয়েছে। তবে নির্ধারিত সীমার নিচে নেমে যাওয়ায় সিআরআর ঘাটতি তৈরি হয়েছে। আগে ওই হিসাবে প্রায় ৭ হাজার ১৫ কোটি টাকা থাকলেও বর্তমানে তা কমে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে।

এ কারণে তারল্য পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমের নিয়োগের পর থেকেই ইসলামী ব্যাংককে ঘিরে বিতর্ক শুরু হয়। এর জেরে গত কয়েক দিনে গ্রাহকরা প্রায় ৪ হাজার কোটি টাকার আমানত উত্তোলন করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে একই দিন রাতে খুরশীদ আলমকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তার নিয়োগের পর থেকেই একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। মঙ্গলবারও রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে টানা নবম দিনের মতো কর্মসূচি পালন করেন তারা।

এদিকে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তারল্য সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments