সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই থাকুক: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায় সরকার। এ লক্ষ্যে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, সরকার চায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় বহাল থাকুক। তবে ব্যক্তি হিসেবে কোনো নাগরিক চাইলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন, কারণ এসব নির্বাচন নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ৫১ হাজার টনেরও বেশি পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়া শতভাগ দেশীয় খামারিদের উৎপাদিত পশু দিয়েই এবারের কোরবানি সম্পন্ন হয়েছে।
জ্বালানি তেলের মূল্য প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকার ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। একই সঙ্গে দেশে বর্তমানে পাঁচ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত রয়েছে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে সরকার কাজ করছে।
স্বাস্থ্যখাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মাত্র আটটি উপজেলায় ১০১ শয্যার হাসপাতাল রয়েছে।
এছাড়া পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে সারাদেশে ইতোমধ্যে ৬৬৬টি খাল খনন করা হয়েছে বলেও জানান তিনি।
সীমান্তে পুশইনের ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ভারতের পশ্চিমবঙ্গে এটি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। তবে এ বিষয়ে বাংলাদেশ কোনো চাপের মুখে রয়েছে বলে মনে করেন না তিনি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments