হাসপাতালে রোগী ভাগাতে পারলেই দালালদের মেলে কমিশন!
সরকারি হাসপাতাল থেকে যারা রোগী ভাগায় তাদেরকে দালাল না বলে মার্কেটিং ম্যানেজার নাম দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাসে তাদের নির্দিষ্ট বেতন ছাড়াও দেয়া হয় রোগীপ্রতি কমিশন।
চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, দালাল দিয়ে ভরে গেছে পুরো হাসপাতাল। যেখানে ১০ টাকা লাগার কথা সেখানে ৫০০ টাকা নিচ্ছে দালালরা। এদিকে, প্রায় সব সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের একই অভিযোগ।
এমন অবস্থায় হাসপাতাল ঘিরে চলে গোয়েন্দা নজরদারি। তাদের টার্গেট বেশ কয়েকজন দালাল, যারা রোগীদের নানা সুবিধা-অসুবিধার কথা বলে ভাগিয়ে নিয়ে যান বেসরকারি বিভিন্ন ক্লিনিকে। সরকারি খরচের চেয়ে বেশি টাকায় টেস্ট,অপারেশন করতে বাধ্য হোন রোগীরা।
সম্প্রতি র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া দালালরা জানান, সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নিতে পারলেই মেলে তাদের কমিশন।
একজন দালাল বলেন, ‘আমি ডিলান্সে জব করি। ওখান থেকে মার্কেটিং এ নিয়োগ দিয়েছে। রোগী নিয়ে যাই এখান থেকে।’
এ বক্তব্যের সূত্র ধরেই স্টার নিউজ যায় মহাখালীর রাফা মেডিকেল এন্ড সার্ভিসেস সেন্টারে। সেখানকার কয়েকজন রোগীও জানালেন, নিজে থেকে এখানে আসেননি তারা।
এদিকে, হাসপাতালে দালাল নিয়োগের কথা স্বীকার করেছেন হাসপাতালে দায়িত্বরতরাও। তবে তাদের নাম দিয়েছে মার্কেটিং ম্যানেজার।
এরপর গাজী মেডিকেল সেন্টারে গিয়েও একই চিত্র দেখা যায়। রোগী আনা হয়েছে দালালের মাধ্যমে। এখানে তাদের সেই মার্কেটিং ম্যানেজারের গ্রেপ্তার হওয়ার কথাও স্বীকার করছেন দায়িত্বরতরা।
তবে এ নিয়ে হাসপাতালের মালিক-পরিচালকেরা কথা বলতেই রাজি হননি।
এদিকে শুধু দালাল নয়, যারা তাদের নিয়োগ দিচ্ছেন তাদের ধরতেও অভিযানের পরিকল্পনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সুত্রঃ স্টার নিউজ
0 Comments