বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ
ফরিদপুরে নিহত ৫ জনের ৪ জনেই একই পরিবারের
ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে চিকিৎসার উদ্দেশ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল একটি অ্যাম্বুলেন্স। পথে শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন।
সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), তাদের বাবা হাজী আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীর হোসেনের স্ত্রী খুশি বেগম (৪৫) ও জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০)। এছাড়া নিহত অ্যাম্বুলেন্সচালক কাউছার হোসেন (২২) মাদারীপুর সদর এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।
স্বজনরা জানান, পরিবারের এক সদস্যকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments